হাম- ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 18
দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৫০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৮ জন। আর পুরো সময়ে (১৫ মার্চ–১১ মে) মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন রোগী, যাদের মধ্যে ৩১ হাজার ৯৯২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ৩৫০ জনের। তবে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬৫ জন।
বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও নজরদারি আরও জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।



































