শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৫:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 9
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সীমিত সম্পদের মধ্যেও শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, যেসব পরিবার অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে, তাদের সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আবেগঘন বক্তব্যে তারেক রহমান বলেন, এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত বেদনাদায়ক। যেসব মানুষ আজ এখানে থাকার কথা ছিল, তাদের অনেকেই আত্মত্যাগের কারণে আমাদের মাঝে নেই। তাদের ত্যাগের বিনিময়েই দেশের মানুষ স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করবে।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার কারণে সব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। যারা দেশের মানুষের জন্য নিজেদের জীবন ও ভবিষ্যৎ উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নই সরকারের অন্যতম দায়িত্ব।
শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারের কাজের অনুপ্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের ত্যাগ ও সহযোগিতাই সরকারকে পূর্ণ উদ্যমে কাজ করার সাহস জোগায়। এসব পরিবারই সরকারের শক্তি ও প্রেরণার অন্যতম উৎস।
তিনি শহীদ পরিবারের সদস্যদের সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের সহযোগিতা ও উৎসাহ পেলে আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধাদের স্বপ্ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সরকার আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




























