যেভাবে ট্রেন-মেট্রোরেলের ভাড়া ২৫ শতাংশ ছাড় পাবেন

- সর্বশেষ আপডেট ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 235
দেশের শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও ৬৫ বছর ঊর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। সিদ্ধান্তটি মঙ্গলবার জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে এই তিন শ্রেণির যাত্রী মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ কম পরিশোধ করবেন। তিনি জানান, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় থাকবেন।
তবে সিদ্ধান্ত কার্যকর হতে কিছু সময় লাগবে বলে মন্ত্রী উল্লেখ করেন। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
ভাড়া ছাড় পেতে নির্দিষ্ট শর্ত মানতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে সরকার নির্ধারিত কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র বা সনদপত্র দেখাতে হবে। টিকিট কাউন্টার থেকে সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে এই সুবিধা চালুর প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে।
রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগে কিছু নির্দিষ্ট ট্রেনে সীমিত পরিসরে ছাড়ের ব্যবস্থা থাকলেও এবার প্রথমবারের মতো মেট্রোরেলকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নগর পরিবহনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।































