বৃষ্টি নিয়ে দুঃসংবাদ
- সর্বশেষ আপডেট ০৪:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 34
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে কোনো সময় বৃষ্টির পরিমাণ বেশি, আবার কোনো সময় তুলনামূলক কম থাকবে।
সোমবার ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবারও বৃষ্টি অব্যাহত থাকবে।
তিনি জানান, ৫ জুলাই সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েক দিনে বৃষ্টিপাত বেড়েছিল। নিম্নচাপের প্রভাব কমে এলেও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় মাসজুড়ে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় রেকর্ড করা হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।































