বিশ্বের এডুকেশন হাব হতে চায় বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০৬:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 623
বাংলাদেশকে বিশ্বের অন্যতম ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ রূপান্তর করা হলে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন। সেই অবস্থান পুনরুদ্ধারে সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করছে। তিনি বলেন, দেশের বিপুল মেধাবী জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষিপ্রধান এ অঞ্চলের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ-সংশ্লিষ্ট বিভাগ চালুর সুযোগ রয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।































