বিশ্বকাপের আগে নতুন রেকর্ড করলেন মেসি
- সর্বশেষ আপডেট ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 9
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে গোল করে তিনি জাতীয় দলের সবচেয়ে বেশি বয়সে গোল করার প্রায় সাত দশকের পুরোনো রেকর্ড ভেঙে দেন।
যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান–হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন মেসি। হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যার কারণে শুরুতে না খেললেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই তিনি ম্যাচে প্রভাব ফেলেন। প্রায় ৮৮ হাজার দর্শকের সামনে ৬৯তম মিনিটে তাকে বদলি হিসেবে নামানো হয়।
দুই মিনিটের মধ্যেই আক্রমণে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তার নিখুঁত পাস থেকে বক্সে ফাউল হলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। ৭১তম মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ১১৭-তে।
৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে করা এই গোলের মাধ্যমে তিনি গড়েন নতুন রেকর্ড। এতদিন সবচেয়ে বেশি বয়সে জাতীয় দলের হয়ে গোল করার রেকর্ড ছিল আর্জেন্টিনার কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনার দখলে, যিনি ১৯৫৭ সালে ৩৮ বছর ৯ মাস বয়সে গোল করেছিলেন। প্রায় ৬৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি।
আর্জেন্টিনার হয়ে এটি ছিল তার ১৯৯তম ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেললেই তিনি ২০০ ম্যাচের মাইলফলকে পৌঁছে যাবেন, যা জাতীয় দলের ইতিহাসে অনন্য অর্জন।
ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোল করেন ভালেনতিন বার্কো। পরে মেসির পেনাল্টি এবং তারই তৈরি আক্রমণ থেকে থিয়াগো আলমাদার গোল ম্যাচের ব্যবধান ৩-০ করে।
তবে সবচেয়ে বেশি বয়সে জাতীয় দলের হয়ে মাঠে নামার রেকর্ড এখনো লাব্রুনার দখলে রয়েছে। বিশ্বকাপের পরও জাতীয় দলে না খেললে সেই রেকর্ড ভাঙা কঠিনই থেকে যাবে।




































