বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ঘোষণা

- সর্বশেষ আপডেট ০৪:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 88
রাজনৈতিক পরিবর্তনের পর স্থবির হয়ে পড়া শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নিয়েই এ বিষয়ে অগ্রাধিকারভিত্তিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে সকাল পৌনে ১১টায় দায়িত্ব গ্রহণ করে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন গভর্নর। সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মুখপাত্র জানান, প্রথম বৈঠকেই গভর্নর বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত চালুর প্রশ্নটি সামনে আনেন। তাঁর মতে, অর্থনীতিকে আবার প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী ধারায় ফেরাতে হলে উৎপাদন সক্ষমতা সচল করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে—এমন আশ্বাসও তিনি দিয়েছেন।
গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে প্রণোদনা, ব্যাংকিং খাতে সমন্বয় এবং নীতিগত সহায়তার ওপর জোর দেওয়া হবে বলে জানানো হয়।
উৎপাদন বাড়লে কর্মসংস্থানও বাড়তে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন গভর্নর। একই সঙ্গে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতার পদক্ষেপগুলোর প্রশংসা করে তিনি বলেন, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে অর্থনীতিতে নতুন গতি আনার পরিকল্পনা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধরে রাখা—এ লক্ষ্য সামনে রেখেই নীতি নির্ধারণের কথা বলা হয়েছে। উচ্চ সুদের হার বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে কি না, সেটিও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন গভর্নর।
প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রশ্নেও স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ‘ডেলিগেশন অব অথরিটি’র মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত নেওয়ার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়।































