পশুর হাটে জাল টাকা ঠেকাতে বিশেষ ব্যবস্থা: প্রাণিসম্পদমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 35
কোরবানির ঈদ সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে জাল টাকা প্রতিরোধ, নিরাপত্তা ও সুষ্ঠু বেচাকেনা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। হাটে জাল টাকা শনাক্তে মেশিন, ব্যাংকিং সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার রাজধানীর দিয়াবাড়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দেশীয় খামারিদের উৎপাদিত গরু, ছাগল ও মহিষ দিয়েই এবার কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, পশুর হাটে জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি বিক্রেতাদের নিরাপদে অর্থ জমা দেওয়ার সুবিধায় ব্যাংকিং সেবাও রাখা হয়েছে। প্রয়োজনে নতুন হিসাব খুলে টাকা সংরক্ষণের সুযোগও থাকছে।
পশু চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বড় হাটগুলোতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। হারানো পশু উদ্ধারে মাইকিং ও তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে আগেই সংশ্লিষ্ট বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পশুর দামের বিষয়ে মন্ত্রী বলেন, এখনো দেশে মূলত দরদামের ভিত্তিতেই পশু বিক্রি হয়। তবে ভবিষ্যতে ধীরে ধীরে ওজনভিত্তিক ‘লাইভ ওয়েট’ পদ্ধতিতে বিক্রি বাড়লে মূল্য নির্ধারণ আরও স্বচ্ছ হতে পারে।
তিনি আরও বলেন, বাজারে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করা সহজ নয়। চাহিদা ও সরবরাহের ভিত্তিতেই মূলত পশুর দাম নির্ধারিত হচ্ছে।































