নবম নতুন বেতন কাঠামোয় কী কী সুবিধা থাকছে?

- সর্বশেষ আপডেট ০৮:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 254
দীর্ঘ ১২ বছর পর গঠিত নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ও ভাতা সংস্কারের সুপারিশসহ তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে।
এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সব সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি একটি বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। মানুষ বহুদিন ধরে এই কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় ছিল। আউটলাইন দেখে বোঝা যাচ্ছে, কাজটি অত্যন্ত সৃজনশীলভাবে করা হয়েছে।
সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। নির্ধারিত শেষ সময় ছিল ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। অষ্টম বেতন কমিশন গঠনের ১২ বছর পর এই কমিশন গঠিত হয়। কমিশন তাদের জন্য বরাদ্দ বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয় করে প্রতিবেদন প্রস্তুত করেছে।
কমিশনপ্রধান জানান, গত এক দশকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সময়োপযোগী বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, বাস্তবসম্মত সুপারিশ তৈরির লক্ষ্যে কমিশন অনলাইন ও অফলাইনে ১৮৪টি সভা করেছে এবং ২ হাজার ৫৫২ জনের মতামত ও প্রস্তাব গ্রহণ করেছে। বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও বিস্তৃত আলোচনা করা হয়।
কমিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং এর বাস্তবায়নযোগ্যতা নিরূপণ। এ বিষয়ে কমিশন পৃথক বিশ্লেষণও করেছে।
প্রতিবেদন দাখিলের সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়নই এখন পরবর্তী চ্যালেঞ্জ। এ জন্য বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।
কমিশন সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি গ্রেডে বেতন কাঠামো সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশনপ্রধান জানান, এসব প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
প্রতিবেদনে আরও বেশ কয়েকটি নতুন প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস, বিভিন্ন ভাতা পর্যালোচনার জন্য আলাদা কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে মানবসম্পদ উন্নয়ন।
কমিশন সুপারিশ করেছে, কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২ হাজার টাকা ভাতা দেওয়া যেতে পারে। তবে সর্বোচ্চ দুই সন্তান এই সুবিধার আওতায় আসবে।
এছাড়া টিফিন ভাতা বিদ্যমান বিধান অনুযায়ী বহাল রাখার পাশাপাশি ভাতার হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানে মাসিক ২০০ টাকার পরিবর্তে টিফিন ভাতা ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও কল্যাণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





































