দেড় দশকের ফ্যাসিবাদ শেষ করেছে জুলাই অভ্যুত্থান: রাষ্ট্রপতি

- সর্বশেষ আপডেট ০৮:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 208
ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে দেশে গত দেড় দশক ফ্যাসিবাদী শাসন চলেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।
রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, ওই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিতে ১২ হাজার ৪৩টি স্বাস্থ্যকার্ড দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শহীদদের স্মরণে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজ চলছে।
রাষ্ট্রপতি আরও বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত সরকারকে অভিনন্দন জানান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদানও স্মরণ করেন।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৮ শতাংশে নেমেছে। একই সঙ্গে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রাষ্ট্রপতি বলেন, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি পুঁজিবাজারের অনিয়ম তদন্তে পৃথক কমিশন গঠন করা হবে।































