দিনদুপুরে চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা
- সর্বশেষ আপডেট ০২:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 62
খুলনার দিঘলিয়া উপজেলায় দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে নাসিমুল করিম ওরফে নাসিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত নাসিমের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে এবং প্রাথমিকভাবে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসেছিলেন নাসিম। এ সময় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ নাসিমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র বলেন, নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ আটটি মামলা রয়েছে। প্রাথমিক পর্যালোচনায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।






























