ছয় মাসের মধ্যে খাল খনন শুরু হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 120
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
আগামী ছয় মাসের মধ্যে সারাদেশে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ কার্যক্রমের নির্দিষ্ট সময়সূচি ও বাস্তবায়ন কৌশল শিগগিরই চূড়ান্ত করা হবে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজ-এ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকার দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধারে খাল খননকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। সে আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ শুরু করেছে।
নদীভাঙন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে, সেখানে ধাপে ধাপে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ভূলুয়া নদী এবং রহমতখালী খাল এলাকায় দ্রুত খনন ও সংস্কার কাজ হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে স্থানীয় জনগণের কাছে দেওয়া অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী লক্ষ্মীপুরে পৌঁছালে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিন তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবা উল আলম ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



































