খায়রুল হকের বিরুদ্ধে আদালতের নতুন আদেশ
- সর্বশেষ আপডেট ০২:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 23
জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
মামলাটি রাজধানীর বনানী থানায় দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গত ২ জুলাই খায়রুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত প্রথমে আবেদনের শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন। তবে সেদিন মামলার নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি পিছিয়ে ৮ জুলাই নির্ধারণ করা হয়। বুধবার শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা, গুলিবর্ষণ এবং ককটেল ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।
এ ঘটনায় উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলের কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সর্বশেষ সেই আবেদন মঞ্জুর করে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
































