আজ বইমেলার পর্দা উঠছে

- সর্বশেষ আপডেট ০৪:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 321
ঢাকায় আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। উদ্বোধনের আগের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। প্রকাশনা সংস্থাগুলোর কর্মীরা স্টল সাজানো, বই গুছিয়ে রাখা ও ব্যানার টানানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেলার ভেন্যুতে গিয়ে দেখা যায়, সারি সারি স্টলের কাঠামো প্রায় প্রস্তুত। কোথাও রঙের শেষ প্রলেপ, কোথাও তাক বসানোর কাজ, আবার কোথাও নতুন বই উন্মোচনের আয়োজন চলছে। স্টলের সামনে টানানো হয়েছে নামফলক ও আলোকসজ্জা। নতুন-পুরোনো বই আলাদা করে সাজানো হচ্ছে শেলফে। শিশু-কিশোর, গবেষণা, কথাসাহিত্য ও কবিতার বইয়ের জন্য রাখা হয়েছে পৃথক কর্নার।
মেলা ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত তদারকি করছেন। দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ আগেই নির্ধারণ করা হয়েছে। রমনা কালী মন্দির সংলগ্ন এলাকায় পুলিশ কন্ট্রোল রুম, র্যাবের অস্থায়ী ক্যাম্প ও আনসার সদস্যদের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ দর্শনার্থীদের সুবিধায় একটি ব্রেস্টফিডিং কর্নার চালু করেছে।
এর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ২টায় মেলার উদ্বোধন করবেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত (ছুটির দিন ছাড়া) প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে প্রবেশ বন্ধ থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান থাকছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি।































