এপ্রিলে কৃষকদের জন্য আসছে ‘কৃষক কার্ড’

- সর্বশেষ আপডেট ০৯:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 159
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণের কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবে রূপ দেওয়া হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান এবং খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার পর এবার কৃষকদের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুবিধা ও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুর অঞ্চলে কৃষি সংশ্লিষ্ট কারখানা এবং হিমাগার স্থাপনের বিষয়েও সরকারের ভেতরে আলোচনা চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশ গঠনের কাজে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। ধৈর্য ধরে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, বর্তমান সরকার জনগণের ভোটেই গঠিত হয়েছে এবং সবার সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গেও তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, নারীকে স্বাবলম্বী করতে ইতোমধ্যে ১৫টি স্থানে পাইলট প্রকল্পের আওতায় প্রায় ৩৭ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।
একই সঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড এমন পরিবারগুলোর জন্য, যাদের সত্যিই প্রয়োজন। যাদের দরকার নেই, তারা যেন এই সুবিধা না নেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং নানা অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে তিনি স্বীকার করেন, দীর্ঘ সময়ের সমস্যার সমাধান কয়েক মাসের মধ্যে করা কঠিন।
সবশেষে তিনি বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার সরকারই বর্তমান সরকার। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিনরাত কাজ করে যাবে সরকার, আর সে লক্ষ্য পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।































