এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করল আদালত
- সর্বশেষ আপডেট ১২:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 22
মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত কুখ্যাত অর্থ লগ্নিকারী জেফরি এপস্টেইনের লেখা বলে দাবি করা একটি কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করেছে। বুধবার স্থানীয় সময় বিচারক এই নথি প্রকাশের নির্দেশ দেন।
২০১৯ সালের আগস্টে ম্যানহাটনের একটি জেলখানায় এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়।
প্রকাশিত নথিতে হাতে লেখা একটি চিরকুটে বলা হয়েছে— “পৃথিবীকে বিদায় জানানোর সময়টি নিজে বেছে নিতে পারা একটি আনন্দের বিষয়।”
জানা গেছে, নোটটি এপস্টেইনের সাবেক সেলমেট নিকোলাস টারটাগ্লিওনের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। তিনি খুনের মামলায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা। তার মামলার অংশ হিসেবেই এই নথি আদালতে জমা পড়ে এবং পরে প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
বিচারক কেনেথ কারাস রায়ে বলেন, নোটটি বিচারিক নথি হিসেবে জনসমক্ষে প্রকাশযোগ্য। তিনি আরও উল্লেখ করেন, এটি গোপন রাখার মতো কোনো আইনি ভিত্তি পাওয়া যায়নি।
তবে আদালত নোটটির সত্যতা নিশ্চিত করেনি এবং এটি কার মাধ্যমে বা কীভাবে তৈরি হয়েছে, সে বিষয়েও কোনো মূল্যায়ন করেনি।
নথিতে আরও লেখা ছিল, এপস্টেইন দাবি করেছেন তার বিরুদ্ধে বহু বছর ধরে তদন্ত চললেও কিছুই পাওয়া যায়নি এবং পুরোনো অভিযোগগুলোই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে ফ্লোরিডায় এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের প্রলোভনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। পরে বিতর্কিত সমঝোতার মাধ্যমে তিনি মুক্তি পান। ২০১৯ সালে পুনরায় গ্রেপ্তার হওয়ার পর যৌন পাচারের নতুন অভিযোগে মামলা চলছিল।
এপস্টেইনের মৃত্যু ও সংশ্লিষ্ট নথি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
সূত্র: রয়টার্স


































