ইবির দুই শিক্ষার্থী কাঁঠালবাগানে আটক, আজ বিয়ে

- সর্বশেষ আপডেট ০১:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 143
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে স্থানীয় লোকজন আটক করার পর তাদের পরিবারের উপস্থিতিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক দুই শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে তারা রাতে ওই বাগানের ভেতরে যাতায়াত করছিলেন।
শুক্রবার রাতে বাগানের ভেতরে অবস্থানকালে স্থানীয় কয়েকজন তাদের আটক করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসেন।
পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও দুই শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুই শিক্ষার্থীর লিখিত সম্মতির ভিত্তিতে তাদের পরিবারের উপস্থিতিতে শনিবার সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্র শিক্ষার্থী বলেন, ‘গত সাত-আট মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। আমি তাকে ভালোবাসি এবং বিয়ে করতে রাজি আছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে আনা হয়। পরিবারের উপস্থিতিতে শনিবার তাদের বিয়ে সম্পন্ন করা হবে।


































