সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
৫ বছরের মধ্যে ডিজেল পাম্পের বদলে সৌরবিদ্যুৎ
- সর্বশেষ আপডেট ০৮:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 65
কৃষকদের সেচ কাজে ব্যবহৃত ডিজেলচালিত পানির পাম্প আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেসব এলাকায় ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয়, সেগুলো আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।
নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বিবেচনায় আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রও প্রণয়ন করা হয়েছে।
সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সাল পর্যন্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, পানিবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও অ্যাগ্রিভোলটেইক্সসহ অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনে প্রয়োজনীয় সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও স্ট্রাকচারের ওপর বিভিন্ন ধরনের শুল্ক ও কর থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় ইউনিটপ্রতি সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সংশ্লিষ্ট গ্রাহকরা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন বলে জানান প্রধানমন্ত্রী।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন নীতিমালা ও গাইডলাইন প্রণয়নের কথাও সংসদে তুলে ধরেন তিনি।
অন্যদিকে সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে লিড ও লিথিয়াম; দুই ধরনের ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। লিড ব্যাটারিতে এসিড ব্যবহারের কারণে এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সরকার লিথিয়াম ব্যাটারিকে উৎসাহিত করছে।
লিথিয়াম ব্যাটারি উৎপাদনে দেশে কারখানা স্থাপিত হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি। ভবিষ্যতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বাধ্যতামূলকভাবে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে তিনটির এবং সাতটি সম্পূরক প্রশ্নের জবাব দেন তিনি।
































