৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াত নেতা কারাগারে
- সর্বশেষ আপডেট ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 60
জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সমিতির পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র্যাব-১৪ অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকরা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির পরিচালকদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। তিনি এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
তথ্য অনুযায়ী, সমিতিটির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জামালপুর র্যাব-১৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, র্যাবের কাছ থেকে হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আব্দুল ওয়াহেদকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
































