১৫ আগস্টে শোক পালন: আ. লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী কারাগারে
- সর্বশেষ আপডেট ০৬:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 120
১৫ আগস্ট ঘিরে শোক পালন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পৃথক মামলায় শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো চারজনের মধ্যে রয়েছেন অর্নব দাস (৩২), মিরাজুল ইসলাম, আ. কাদের এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন সজল ওরফে কাজল।
এর মধ্যে শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে অর্নব দাসকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। পুলিশ তাকে যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে দাবি করেছে।
অর্নব দাসকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী লিটন মিয়া জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশ ও সহযোগিতায় সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করেন। তারা মিছিলে সমবেত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
এদিকে ১৫ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে রাস্তায় খাবার বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মিরাজুল ইসলাম ও আ. কাদেরকে গ্রেপ্তার করা হয়। মিরাজুল ফজলুল হক হলের এবং আ. কাদের বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১৫ জন পালিয়ে যান বলে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা থেকে সাজ্জাদ হোসেন সজল ওরফে কাজলকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০২৫ সালের ২৬ অক্টোবর রূপনগর থানার বিইউবিটির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

































