১০ মাসে অটোচালকের মেয়ে কুরআনে হাফেজ
- সর্বশেষ আপডেট ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 149
পটুয়াখালীর কলাপাড়ায় মাত্র ১০ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে ১৪ বছর বয়সী তানজিলা আক্তার। তার এই সাফল্যে আনন্দের আমেজ বিরাজ করছে মহিপুর থানার বিপিনপুরের জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসায়।
তানজিলা ওই মাদরাসার বালিকা হিফজ শাখার শিক্ষার্থী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
তানজিলা পটুয়াখালীর নিজামপুর গ্রামের অটোচালক হাফেজ মো. সালাউদ্দিন হাওলাদারের মেয়ে। নিজের সাফল্যের জন্য শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধান ও নিয়মিত কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছে সে।
তানজিলার হিফজ সম্পন্ন করার বিষয়ে বালিকা হিফজ শাখার শিক্ষিকা হাফেজা মোসা. মারজিয়া আক্তার ও মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী তার মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের প্রশংসা করেন।
এর আগে গত মে মাসে একই মাদরাসার বালক শাখার শিক্ষার্থী মেজবাহ উদ্দিন মুয়াজ মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে আলোচনায় আসে। এবার তানজিলার সাফল্যেও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে মাদরাসার উপদেষ্টা, প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তানজিলার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।































