১০ দিনেও মেলেনি দুই বছরের মিমের সন্ধান

- সর্বশেষ আপডেট ০৫:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 211
অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দুই বছরের শিশু মিম আক্তার। সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে; এমনকি সে জীবিত কি না, সেটিও নিশ্চিত হতে পারছেন না তার বাবা-মা। মেয়ের অপেক্ষায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের।
মিম আক্তার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া এলাকার শহীন আলম ও রাবেয়া বেগমের মেয়ে। বর্তমানে পরিবারটি ঢাকার আশুলিয়া থানার বাইফেল আলফা গেট এলাকার ২২৮ নম্বর বাড়িতে বসবাস করছে। জীবিকার প্রয়োজনে মিমের মা রাবেয়া বেগম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পরিবারের অভিযোগ, ১০ দিন আগে বাইফেল আলফা গেট এলাকা থেকে মিমকে অপহরণ করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিমের মা রাবেয়া বেগম বলেন, ‘আমার সন্তান কোথায় আছে, কী অবস্থায় আছে কিছুই জানি না। ১০ দিন ধরে বুকের মধ্যে কষ্ট নিয়ে অপেক্ষা করছি। আমার সন্তানকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
স্বজনরা জানান, দীর্ঘ সময়েও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ দিন দিন বাড়ছে। তারা দ্রুত মিমকে উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পরিবারের একটাই প্রত্যাশা; দ্রুত মিমের সন্ধান মিলবে এবং তাকে নিরাপদে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।































