হোসেনপুরে অপহরণ মামলা চলমান, নাবালিকাকে অন্যত্র বিয়ে
- সর্বশেষ আপডেট ০১:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 124
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা চলমান থাকা অবস্থায় অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এদিকে অপহরণ মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আসামি সোহেল মিয়ার পরিবার।
সোহেলের পরিবারের দাবি, মীম আক্তারের সঙ্গে সোহেলের আগে থেকেই পরিচয় ও সম্পর্ক ছিল। তারা নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করেন এবং প্রায় ছয় মাস একসঙ্গে সংসার করেন। পরে মীমকে সোহেলের কাছ থেকে নিয়ে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব দাবি করেন সোহেলের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে সোহেল মিয়া, তার বাবা মো. আক্তার উদ্দিন ও বন্ধু আকিবকে আসামি করে অপহরণ মামলা করা হয়েছে। মামলার কারণে তারা সামাজিক ও আইনি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুন মেয়ে মীম আক্তারকে অপহরণের অভিযোগে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন তার মা খাইরুন নাহার। মামলায় সোহেল মিয়া, তার বাবা মো. আক্তার উদ্দিন ও সোহেলের বন্ধু আকিবকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৫ জুন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর আইডিয়াল স্কুলের সামনে থেকে মীমকে সোহেল ও তার বন্ধু আকিব একটি সিএনজিচালিত অটোরিকশায় জোর করে তুলে নিয়ে যান। পরে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে সোহেলের পরিবার। তাদের দাবি, মীমকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হয়নি। দুজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল এবং তারা নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করেন। এরপর প্রায় ছয় মাস তারা একসঙ্গে সংসার করেন।
সংবাদ সম্মেলনে সোহেলের পরিবারের পক্ষ থেকে মীমের একটি জন্মনিবন্ধন সনদ দেখানো হয়। সেখানে তার জন্মতারিখ ২০১১ সালের ১ জানুয়ারি এবং বাবা জিয়াউর রহমান ও মা খাইরুন নাহারের নাম উল্লেখ রয়েছে। ওই সনদ অনুযায়ী, অপহরণের অভিযোগের সময় মীমের বয়স ছিল ১৪ বছর।
পরিবারটির দাবি, মীমকে কোথা থেকে কোথায় নেওয়া হয়েছিল, তার সঙ্গে কারা ছিলেন, সোহেলের সঙ্গে কতদিন ছিলেন এবং পরে কীভাবে ও কোথায় তার বিয়ে হয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখা প্রয়োজন। পাশাপাশি অপহরণের অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কী, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুনের দিকে মীমকে হোসেনপুর উপজেলার চর হাজিপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন ওরফে আলমের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বিয়ের সময়ও মীমের বয়স ১৫ বছরের কিছু বেশি ছিল।
সোহেল মিয়া বলেন, ‘মীমের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ও সম্পর্ক ছিল। তাকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয়। আমরা নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়েছিলাম এবং কিছুদিন একসঙ্গে সংসার করেছি। পরে তাকে আমার কাছ থেকে নিয়ে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। আমি চাই, তদন্ত করে সত্য ঘটনা বের করা হোক।’
সোহেলের বন্ধু আকিব বলেন, ‘মীমকে অপহরণের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মামলায় আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি তাকে জোর করে কোথাও নিয়ে যাইনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
সোহেলের মা লাইলী আক্তার বলেন, ‘আমার ছেলে যদি জোর করে মীমকে নিয়ে যেত, তাহলে তারা এতদিন একসঙ্গে কীভাবে সংসার করল, সেটিও তদন্তে দেখা দরকার। মিথ্যা অভিযোগে আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে চাই।’
মামলার সাক্ষী ও মীমের ফুফা হারুন অর রশিদ বলেন, ‘আমরা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি।’
এ বিষয়ে মীমের মা খাইরুন নাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে কথা বলা ব্যক্তি প্রথমে নিজেকে তার বোন হিসেবে পরিচয় দেন। পরে জানান, খাইরুন নাহারের বাড়িতে থাকা তার বোন রিমা কথা বলছেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। বর্তমানে আমার মেয়ে ঢাকায় রয়েছে।’ এরপর মামলার অভিযোগ ও মীমের বিয়ে নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি আর কোনো বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিয়ের কাজি আবদুল বারিক বলেন, ‘বিয়ের কাজটি আমিই করেছি। নামা সিদলায় মেয়ের নানার বাড়িতে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।’






























