হামে বাড়ছে মৃত্যু, একদিনেই ৯ শিশুর প্রাণহানি
- সর্বশেষ আপডেট ০৫:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 59
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে—নতুন করে শনাক্ত ১,২৭৬ জন, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের শরীরে সন্দেহজনক হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, আর বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে বরিশাল ও ঢাকায় ২ জন করে, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছে। নিশ্চিত হামে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৫৬ এবং সন্দেহভাজন আক্রান্ত ৩৪ হাজার ৬৬২ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত ২৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ হাজার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

































