হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির বিক্ষোভ সমাবেশ
- সর্বশেষ আপডেট ০৮:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 105
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ আসিফ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি সাতক্ষীরা শাখার সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক আহসান উল্লাহ, শ্রমিক শক্তির আহ্বায়ক মতিয়ার রহমান, সদস্যসচিব আব্দুস সবুর, ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুল হাসান রুমন, সদস্যসচিব রাদিত হাসান এবং উপজেলা সদস্যসচিব পারভেজ ইমাম। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা পরিকল্পিত। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
































