হজ নিবন্ধনে ফাঁকা ৩৪ হাজার কোটা, সময় বাকি দুই দিন
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 258
হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিবন্ধনের নির্ধারিত সময় শেষ হবে। তবে এখনো বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৮ হাজার ৫০০ জনের মধ্যে প্রায় ৩৪ হাজার কোটা ফাঁকা রয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত হজের নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৩ হাজার ৮২৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৪০ হাজার ৬১ জন নিবন্ধন করেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না। একই সঙ্গে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ে টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন না করলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ জন্য হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকরা বলছেন, অনেক হজযাত্রী এত আগে হজের অর্থ জমা দিতে আগ্রহী নন। এ কারণে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সৌদি কর্তৃপক্ষের সময়সূচি অনুযায়ী, গত ২৭ জুলাই বাংলাদেশে হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধন শুরু হয়। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।
নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। ওই সংখ্যার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে সৌদি আরবে বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ, প্রয়োজনীয় টিকাদান এবং হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতি রয়েছে।


































