স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবর পরিষ্কার

- সর্বশেষ আপডেট ০৩:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 127
দিনাজপুরের শহরের প্রাণকেন্দ্র ঢাকা মোড়ের ব্যস্ততা, বহুতল ভবন আর বিত্তবৈভবের ভিড়েও এক প্রবীণ মানুষের প্রতিদিনের সকাল কাটে নিভৃতে। হাতে ঝাঁটা নিয়ে তিনি যান কবরস্থানে। যত্ন করে পরিষ্কার করেন প্রয়াত স্ত্রীর কবর, পরিচ্ছন্ন রাখেন আশপাশের পুরো কবরস্থানও। এভাবেই গত ১৫ বছর ধরে স্ত্রীর প্রতি ভালোবাসা আর স্মৃতিকে আগলে রেখেছেন ৮৫ বছর বয়সী প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স।
১৯৭০ সালে সামাজিক নানা বাধা পেরিয়ে সনাতন ধর্মাবলম্বী এক তরুণীকে বিয়ে করেন মওলা বক্স। তাঁর স্ত্রী জাহানারা বেগম ঝর্ণার সঙ্গে গড়ে ওঠে দীর্ঘদিনের সংসার। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। সন্তানদের সবাই বাবার মতো আইন বিষয়ে পড়াশোনা করে এলএলবি সম্পন্ন করেছেন।
তবে ২০১১ সালে দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবনের অবসান ঘটে। মারা যান জাহানারা বেগম ঝর্ণা। প্রিয় জীবনসঙ্গিনীকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন মওলা বক্স। সেই শোকের মধ্যেই স্ত্রীর স্মৃতিকে আগলে রাখার এক নিজস্ব পথ খুঁজে নেন তিনি।
স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রতিদিন ফজরের নামাজ শেষে কবরস্থানে যান এই প্রবীণ আইনজীবী। সেখানে মোনাজাত করে স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর নিজ হাতে পরিষ্কার করেন তাঁর স্ত্রীর কবর। কবরের ওপর পড়ে থাকা শুকনো পাতা, ডালপালা ও আশপাশের আগাছা সরিয়ে ফেলেন। একসময় শুধু স্ত্রীর কবর পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তাঁর এই অভ্যাস। নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শুরু করেন কবরস্থানের চলাচলের পথ ও আশপাশের এলাকাও।
গত ১৫ বছর ধরে বৃষ্টি, ঝড় কিংবা শীত; কোনো কিছুই তাঁর এই দৈনন্দিন অভ্যাসে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই নিঃশব্দে করে চলেছেন এই কাজ।
ব্যক্তিগত জীবনে মওলা বক্স একজন প্রবীণ আইনজীবী। পাশাপাশি বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও সভাপতি হিসেবে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ভূমিকা রেখেছেন। তবে কবরস্থানে গেলে সামাজিক পরিচয় ও পেশাগত ব্যস্ততা ছাপিয়ে তিনি হয়ে ওঠেন প্রয়াত স্ত্রীর স্মৃতির প্রতি নিবেদিত এক মানুষ।
স্ত্রীর প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মওলা বক্স। তিনি বলেন, ‘আমার প্রয়াত স্ত্রী সেদিন নিজের পরিবার, ধর্ম ও চেনা পরিবেশ ছেড়ে কেবল আমার ওপর বিশ্বাস রেখে ঘর বেঁধেছিল। তার সেই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তার সেই আত্মত্যাগকে স্মরণ করেই প্রতিদিন কবরস্থানে আসি এবং নিজ হাতে পরিচ্ছন্নতার কাজ করি।’
ভালোবাসার গভীরতা বোঝাতে গিয়ে তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়।’
সময়ের সঙ্গে মানুষ হারিয়ে যায়, বদলে যায় জীবনের অনেক অধ্যায়। কিন্তু অ্যাডভোকেট মওলা বক্সের প্রতিদিনের এই নীরব উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, প্রিয়জনের প্রতি ভালোবাসা কখনো কখনো স্মৃতির যত্ন নেওয়ার মধ্য দিয়েও বেঁচে থাকে।































