সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা, ক্ষুব্ধ মুক্তিযুদ্ধ মঞ্চ
- সর্বশেষ আপডেট ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 127
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের স্থান এবং ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থান দুটি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক। সেখানে পূর্বনির্ধারিত ভাস্কর্য নির্মাণ বাতিল করে ওয়াটার ফাউন্টেন স্থাপনের উদ্যোগ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
সংগঠনটির দাবি, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের আওতায় ওই দুটি স্থানে ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর কাজ বন্ধ হয়ে যায়। পরে প্রকল্পের নকশা পরিবর্তন করে ভাস্কর্যের পরিবর্তে ওয়াটার ফাউন্টেন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের নথির বরাত দিয়ে সংগঠনটি জানায়, ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৯৪ শতাংশ। একই সঙ্গে ৭ মার্চের ভাষণের ‘হলোগ্রাফিক থ্রিডি’ উপস্থাপনার বিষয়বস্তু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চ এ সিদ্ধান্ত বাতিল করে পূর্বের অনুমোদিত নকশা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন এবং ঐতিহাসিক স্থান দুটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছে।






























