সোনারগাঁও ক্রসিংয়ে অপহৃত দুই শিশু উদ্ধার করলেন সার্জেন্ট পলাশ
- সর্বশেষ আপডেট ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 138
ঢাকার সোনারগাঁও ক্রসিং এলাকায় কান্নারত ও ভীতসন্ত্রস্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেছেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমার রায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়।
সোনারগাঁও ক্রসিংয়ের দক্ষিণ পাশে পুলিশ বক্সের পেছনের সড়কে দুই শিশুকে দেখতে পান সার্জেন্ট পলাশ। কাছে গিয়ে তাদের শান্ত করে কথা বলার একপর্যায়ে শিশুরা জানায়, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদের চোখ বেঁধে একটি গোডাউনে নিয়ে আটকে রেখেছিল। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে তারা সড়কে চলে আসে।
শিশুদের কাছ থেকে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে তাদের পরিবারের সন্ধান পান সার্জেন্ট পলাশ। পরে জানা যায়, বগুড়ার মো. রিয়ন (১১) ও মো. রনি (১৩) গত ১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল।
পরিবারের সদস্যদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত শিশু দুটির মামার সঙ্গে যোগাযোগ করেন সার্জেন্ট পলাশ। পরে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দুই শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে শিশু দুটির পাশে দাঁড়িয়ে তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় সার্জেন্ট পলাশ কুমার রায়ের ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। তাঁর তৎপরতায় নিখোঁজ দুই শিশু দ্রুত পরিবারের কাছে ফিরতে সক্ষম হয়েছে।






























