সৈকতের অবৈধ স্থাপনা এক সপ্তাহে সরাতে নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৯:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 113
কক্সবাজার সমুদ্রসৈকতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দেশের প্রধান এই পর্যটন এলাকাকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে রাখা যাবে না; সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে।
সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, সৈকতের ভেতরে বা আশপাশে যেসব স্থাপনা অনুমতি ছাড়া তৈরি হয়েছে, সেগুলো রাখা হবে না। জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যেই এগুলো উচ্ছেদের কাজ শুরু হবে।
তিনি বলেন, কক্সবাজার দেশের গর্ব এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। তাই সৈকতের ব্যবস্থাপনা উন্নত করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্যেই নতুন করে একটি বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পর্যটন এলাকা, প্রধান সড়ক ও জনসমাগম বেশি হয়—এমন জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এতে অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্ত কার্যক্রম সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
টেকনাফ স্থলবন্দর দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসক এমএ মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই সালাহউদ্দিন আহমদের প্রথম কক্সবাজার সফর। রোববার বিকেলে দুই দিনের সফরে তিনি নিজ জেলায় পৌঁছান।
































