সেপ্টেম্বরে ধাপে ধাপে শুরু হবে স্থানীয় নির্বাচন
- সর্বশেষ আপডেট ০৬:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 85
চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া ধাপে ধাপে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাজেট ও প্রশাসনিক প্রস্তুতির ওপর ভিত্তি করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার নির্বাচনী ধাপ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বর্ষা মৌসুম শেষে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন, কারণ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে আয়োজন করতেই এই সময় বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কোন নির্বাচন আগে হবে তা এখনো চূড়ান্ত নয়; এটি মূলত বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে। যেসব নির্বাচনে ব্যয় তুলনামূলক বেশি, সেগুলো পরে আয়োজন করা হতে পারে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে ব্যয়ের প্রস্তাব ও ফরম্যাট পাঠানোর কথা উল্লেখ করেন তিনি। বাজেট অনুমোদন পেলে ধাপে ধাপে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। পাশাপাশি এই সময়ের মধ্যেই ১৩টি সিটি করপোরেশন নির্বাচনও আয়োজনের সম্ভাবনার কথা বলেন তিনি।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় প্রতীকের পরিবর্তনসহ কিছু বিধিবিধান সংস্কারের কাজ চলমান রয়েছে বলেও তারা উল্লেখ করেছে।
সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও গণতান্ত্রিক ধারায় রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিমন্ত্রী দাবি করেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, দলগুলো নিজস্বভাবে প্রস্তুতি নিচ্ছে, তবে এ নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় অংশগ্রহণের ধরন ভিন্ন হবে।






































