সুন্দরবন ঘেঁষা ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৩:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 127
সুন্দরবনসংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় নির্মিত ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক জানান, পরিবেশগত সংকটাপন্ন এলাকায় রিসোর্ট পরিচালনার অনুমতি নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হলেও সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ পাওয়া রিসোর্টগুলোর মধ্যে খুলনায় ১৮টি, বাগেরহাটে দুটি এবং সাতক্ষীরায় চারটি রয়েছে।
পরিবেশ ও বন বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের কাছে রিসোর্ট বাড়ার সঙ্গে পর্যটকের সংখ্যাও বাড়ছে। এতে অতিরিক্ত শব্দ ও আলো, বর্জ্য এবং অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে বনের সংবেদনশীল প্রতিবেশব্যবস্থার ওপর চাপ তৈরি হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, সুন্দরবন অত্যন্ত সংবেদনশীল বাস্তুসংস্থানের অধিকারী। বনঘেঁষে রিসোর্ট ও পর্যটকের চাপ বাড়তে থাকলে বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য খালের মাধ্যমে বনের ভেতরেও প্রবেশ করছে বলে তিনি জানান।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, রিসোর্টগুলোর কারণে বনের ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে। অতিরিক্ত শব্দ, আলো ও বর্জ্য বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। তবে রিসোর্টগুলো বনের সীমানার বাইরে ব্যক্তিমালিকানাধীন জমিতে হওয়ায় বন বিভাগের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত।
তবে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে রিসোর্ট মালিকদের সংগঠন রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন। সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন শাওন বলেন, রিসোর্টগুলো সুন্দরবনের ভেতরে নয়; সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এসব রিসোর্টকে কেন্দ্র করে কমিউনিটি ট্যুরিজম গড়ে উঠেছে বলেও দাবি করেন তিনি।
তার দাবি, রিসোর্টগুলোকে সুন্দরবনের পরিবেশ ধ্বংসের কারণ হিসেবে দেখানো একপাক্ষিক। এ খাতের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত সরকারি নীতিমালা প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনকে ঘিরে পর্যটনের সম্ভাবনা রয়েছে। তবে বন ও বন্যপ্রাণী রক্ষা করেই এর বিকাশ নিশ্চিত করতে হবে। রিসোর্ট নির্মাণের আগে ও পরে পরিবেশগত প্রভাব নিরূপণ করে সমন্বিত নীতিমালা প্রণয়ন ও তা কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা।



































