সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
- সর্বশেষ আপডেট ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 152
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা পর শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে অবশেষে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ওই তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়। এর ফলে বর্তমানে মশালগাঁও সীমান্তের শূন্যরেখা এলাকায় নতুন করে আর কোনো অবৈধ অবস্থানকারী নেই।
এর আগে গত ৬ জুন শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশে পুশইনের একটি জোরপূর্বক চেষ্টা চালানো হয়। বিজিবির তীব্র বাধায় সেই চেষ্টা ব্যর্থ হলে ওই ১১ জন মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে আটকে পড়েন এবং গত কয়েকদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন।
আটকে পড়া এই দলটিতে একজন অন্তঃসত্ত্বা নারী এবং বেশ কয়েকজন অবুঝ শিশু থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল।
বিজিবি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশইনের চেষ্টা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে বিজিবির নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম আগের চেয়ে আরও অনেক বেশি জোরদার করা হয়েছে।
এই পুশইন জটিলতার অবসান ঘটার পর মশালগাঁও সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক এবং বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।



































