সিরাজদিখানে বাবা-মেয়েকে হত্যার অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৩:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 131
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার ঘটনায় গুরুতর আহত বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ইটভাটার কাছে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বুধবার বিকেল ৫টার দিকে রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় কর্মরত নিজের বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে মেয়েকে নিয়ে ফেরার পথে হামলার শিকার হন তিনি।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁর মেয়ে তওবাকে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
শিশু তওবার নানি তাসলিমা জানান, প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।






























