সাতক্ষীরায় মাদকবিরোধী মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম
- সর্বশেষ আপডেট ০৫:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 136
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাদকবিরোধী উদ্যোগের উদ্যোক্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তরুণদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধনে পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, চালতেতলা বাজার সমিতির সহসভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন, যুব প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন মাদক ব্যবসায়ীদের আগামী শুক্রবারের মধ্যে এলাকা ছাড়তে তিন দিনের আল্টিমেটাম দেন। তিনি বলেন, তা না হলে জুমার নামাজের পর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনগণকে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।



































