সাতক্ষীরায় আম ভাঙা শুরু
- সর্বশেষ আপডেট ০৪:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 46
বাজারে এল সাতক্ষীরার আম। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার গাজীর বাগান থেকে শুরু হয় আম ভাঙা কার্যক্রম।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আম চাষীরা।
চাষীরা জানান, এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে নায্য দাম পেলে লাভবান হবেন চাষীরা।
চাষীদের অভিযোগ, বাজারে সিন্ডিকেটের কারণে চাষীরা আমের নায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হয়। শহরে সুলতানপুর বাজারে আম ব্যবস্থাপনা ভালো নয়। সিন্ডিকেট যেন করতে না পারে সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সাতক্ষীরার আমের সুনাম সারাদেশে। বিদেশেও রপ্তানি হয় এ জেলার আম। আমের সুনাম অক্ষুন্ন রাখতে নিরাপদ বিষমুক্ত আম বাজারজাত করতে হবে। কোন ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে আম বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।
প্রথমধাপে আজ বাজারে এসেছে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম। আগামী ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন বাজারে আসবে আম্রপালি জাতের আম।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক সাইফুল ইসলাম জানান, এ জেলার আমের বানিজ্যিক মূল্য হবে সাড়ে তিনশো কোটি টাকার বেশী। আম নিয়ে অপতৎপরতা রোধে মাঠে থাকবে প্রশাসন।




































