সাজেকে অষ্টম দিনেও চলছে অবরোধ

- সর্বশেষ আপডেট ১২:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 123
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা অষ্টম দিনের মতো অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালান অবরোধকারীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
গত সোমবার (২৬ অক্টোবর) সাজেক ইউনিয়নের উজো বাজারে প্রশাসনের প্রতিনিধি ও আন্দোলনকারী সংগঠনগুলোর নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানান খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তবে সাজেক এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অবরোধ প্রত্যাহার হয়নি।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, প্রধান দাবি বাস্তবায়নে সরকার প্রথমে এক মাস সময় চাইলেও আন্দোলনকারীরা তিন দিন সময় দিতে রাজি ছিলেন। পরে সরকার ৫ নভেম্বর পর্যন্ত সময় চাইলে তারা আরও পাঁচ দিন অপেক্ষা করতে সম্মত হন। তবে দাবি বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত আশ্বাস না পাওয়ায় অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আলোচনায় বসতে চাইলে তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ২২ অক্টোবরের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ, সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের প্রত্যাহার এবং চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা।
গত ১১ অক্টোবর থেকে এসব দাবিতে আন্দোলন শুরু করে সংগঠন দুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়। দাবি পূরণ না হওয়ায় ২২ অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।
অবরোধের প্রথম দিনে সাজেক ভ্যালিতে ২ হাজার ৯৩৩ জন পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় পর্যটকদের গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়। তবে উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে তাদের পথ আটকে দেন। এ সময় উত্তেজনা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।































