সাজেকে অবরোধ, জিম্মি নৃ-গোষ্টীর ৩০ হাজার মানুষ

- সর্বশেষ আপডেট ১১:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 176
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন লুসাই, ত্রিপুরা, চাকমা ও মারমা জাতিগোষ্ঠীর অন্তত ৩০ হাজার মানুষ। সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় হাটবাজারে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিবহন সংকটে জুমচাষিরা উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না। অবরোধ দীর্ঘায়িত হলে খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রীজ থেকে সাজেক ভ্যালি এবং আশপাশের অভ্যন্তরীণ সড়কগুলোতে এ অবরোধ চলছে। সকাল থেকে সড়কগুলোতে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়ক অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। অবরোধের কারণে সাজেক ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
গত বুধবার (১৪ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ব্যানারে যৌথ বিবৃতিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ১১ অক্টোবর থেকে এলাকায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়। ওই সময় কয়েক হাজার দেশি-বিদেশি পর্যটক সাজেকে আটকা পড়েন।
পরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সাজেকের ওজোবাজার এলাকায় অবরোধকারীরা নিরাপত্তা বহর আটকে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনার পর পর্যটকবাহী নিরাপত্তা বহরকে যেতে দেওয়া হয়। এরপর ৪৮ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হয়েছিল। তবে বুধবার দ্বিতীয় দফায় আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের মধ্যে সংঘাত চলছে। বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন সাজেকের এক জনপ্রতিনিধি।
গত ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় গুলিবিদ্ধ হয় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯)। সে অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। একের পর এক সংঘাত ও গোলাগুলির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, সাজেকের অস্থিতিশীল পরিস্থিতি ও জননিরাপত্তার বিষয় বিবেচনা করে প্রশাসন পর্যটকদের জন্য এলাকাটি বন্ধ রেখেছে। অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান পরিচালনা করবে।
এদিকে সাজেক খুলে দেওয়ার দাবিতে বুধবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা। এ সময় তাঁরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
অবরোধের কারণে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন, কৃষিপণ্য পরিবহন ও বাজারব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত সংকট নিরসন করে সড়কে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল।































