সাংবাদিক আলিফ হত্যা: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৪:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 111
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় অপূর্ব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের অস্ত্র বহনের ব্যাগও তার কাছে ছিল বলে দাবি পুলিশের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের ভাগনে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন শুটারের ব্যবহৃত অস্ত্র অপূর্বর হেফাজতে রাখা হতো। গ্রেপ্তার এড়াতে তিনি দিনের বেলায় আত্মগোপনে থাকতেন এবং রাতে চলাফেরা করতেন বলেও জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলারও আসামি অপূর্ব। পুলিশ বলছে, সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি পাঁচ থেকে ছয়জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর পেছনে অর্থদাতাসহ আরও বড় একটি চক্র থাকতে পারে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পিবিআই, সিআইডি ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বিত দল অভিযান চালাচ্ছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুনজিয়া এলাকায় একটি দোকানে চা পান করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।


































