দাবি জামায়াত আমীরের
বিএনপি নিজেদের প্রতারক হিসেবে প্রমাণ করেছে
- সর্বশেষ আপডেট ০৫:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 243
সরকার জাতির সামনে নিজেদের প্রতারক হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি দাবি করেন, সরকারের নানা কর্মকাণ্ডে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এর পরিণতিতে দেশে নতুন একটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গত পাঁচ মাসে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং নানা প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে মানুষের আস্থা নষ্ট করেছে। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, তাই সবাইকে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, ওই আন্দোলন কোনো প্রচলিত রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি; শিক্ষার্থীদের নেতৃত্বেই তা সংগঠিত হয়েছিল। তাদের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান জানাতে হবে। শহীদদের রাষ্ট্রীয় খেতাব প্রদান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
গণভোটের গণরায়ের প্রসঙ্গ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। প্রয়োজন হলে জীবন দিয়ে হলেও সেই গণরায় বাস্তবায়নের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।


































