সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 113
জাতীয় সংসদকে দেশ ও জনগণের স্বার্থে অর্থবহ করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, স্পিকার এখন আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
প্রধানমন্ত্রী বলেন, গত দেড় দশকের বেশি সময় দেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে যারা নিজেদের সংসদ সদস্য পরিচয় দিতেন, তাদের অনেকেই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ।
তারেক রহমান বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করতে চান তারা। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্পিকারকে সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।






































