শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারী খুন, স্বামী গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৮:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 113
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সীমা রানী দাস (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী উদ্ভব দাসের বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন অভিযুক্ত নিজেই। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস ওই এলাকার উদ্ভব দাসের স্ত্রী। উদ্ভব একই গ্রামের নকুল দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা জহিরুল হক জানান, ধারালো অস্ত্র দিয়ে সীমা রানীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর উদ্ভব নিজেই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগও দেখা গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে সেখানে ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূকে হত্যার পর তাঁর স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।































