শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় দেশের বৃহত্তম ঈদ জামাত
- সর্বশেষ আপডেট ০৮:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 162
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সতর্ক করতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোঁড়া হবে- জামাতের পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি গুলি ছোঁড়া হবে।
এবারের ১৯৯তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
বুধবার (১৮ মার্চ) দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ জামাতকে ঘিরে কিশোরগঞ্জ শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি, ওয়াচ টাওয়ার স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন থাকবে। চারস্তরের এই নিরাপত্তা বলয়ের মাধ্যমে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া, দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু থাকবে।
উল্লেখ্য, স্থানীয়দের মতে ১৮২৮ সালে এ ময়দানে একসঙ্গে সোয়া লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। সেই থেকেই ‘সোয়া লাখিয়া’ নামটি ক্রমে পরিবর্তিত হয়ে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি লাভ করে।
প্রশাসনের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসীসহ সারাদেশের মুসল্লিদের শোলাকিয়ায় ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

































