শিশুদের ইউটিউব শর্টস দেখা নিয়ন্ত্রণে নতুন ফিচার
- সর্বশেষ আপডেট ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 199
অনলাইনে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইউটিউব তাদের প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি সম্প্রতি শিশু ও কিশোরদের ইউটিউব শর্টস দেখার সময় নিয়ন্ত্রণের জন্য একাধিক নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে।
নতুন ব্যবস্থায় অভিভাবকরা তাদের সন্তানের লিঙ্কড অ্যাকাউন্টে শর্টস দেখার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারবেন। উদ্দেশ্যহীন স্ক্রলিং কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। চাইলে অভিভাবকরা শিশুদের জন্য ইউটিউব শর্টস সম্পূর্ণভাবে বন্ধও করতে পারবেন। নিয়ন্ত্রণগুলো স্থায়ী বা সাময়িক—দুভাবেই কার্যকর করা সম্ভব। ফলে পরীক্ষার সময় বা পড়াশোনার সময়ে কোনো শিশুর জন্য শর্টস দেখার সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে।
ইউটিউব নতুন দুটি রিমাইন্ডার ফিচারও চালু করছে—‘বেডটাইম’ এবং ‘টেক আ ব্রেক’। এসব রিমাইন্ডার ব্যবহারকারীকে ভিডিও দেখার বিরতি নিতে বা নির্দিষ্ট সময় পর ভিডিও বন্ধ করতে সহায়তা করবে। এই সুবিধা শুধু শিশু ও কিশোর নয়, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরাও চাইলে নিজেদের জন্য সময়সীমা এবং বিরতির রিমাইন্ডার নির্ধারণ করতে পারবেন।
অভিভাবকরা নিজেও নিয়মিত ইউটিউব ব্যবহার করেন। প্রাপ্তবয়স্ক ও শিশুর অ্যাকাউন্টের মধ্যে বারবার পরিবর্তন করতে গিয়ে ভোগান্তি কমাতে ইউটিউব জানাচ্ছে, শিগগিরই অ্যাপের সাইনআপ ও লগইন অভিজ্ঞতা হালনাগাদ করা হবে। এতে কয়েকটি ট্যাপেই এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে পরিবর্তন সম্ভব হবে।
নতুন এসব ফিচার কিশোরদের জন্য বিদ্যমান প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করেছে। বর্তমানে অভিভাবকরা চাইলে কিশোরদের কনটেন্ট তৈরির কার্যক্রমও তদারক করতে পারবেন। গত বছর ইউটিউব বয়স অনুমানভিত্তিক প্রযুক্তি চালু করেছে, যা কোনো অ্যাকাউন্ট কিশোরের কি না তা শনাক্ত করে এবং বয়স-উপযোগী অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করে।






































