শিক্ষায় রেকর্ড অর্থ বরাদ্দের পরিকল্পনা সরকারের
- সর্বশেষ আপডেট ০৯:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 63
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার অর্থ পরিশোধে ২ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। এ বাজেটে শিক্ষা খাত সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।
মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চাইলেও প্রধানমন্ত্রী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন।
শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার অর্থ ২০২২ সালের পর থেকে বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ খাত থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে বকেয়া ভাতা চালুর জন্য ২ হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে এবং আগামী এক মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে।

































