শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল বাস
- সর্বশেষ আপডেট ০৩:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 90
যাত্রীদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাস সেবা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচকের অর্থায়নে পরিচালিত শাটল বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এসব রুটে যাত্রীরা সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
কর্তৃপক্ষ জানায়, প্রবীণ, নারী, শিশু, অসুস্থ, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এ সেবা বিশেষভাবে উপকারী হবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতেও এটি সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নিচ্ছে। বিনামূল্যের শাটল বাস সেবা সেই উদ্যোগেরই অংশ।
তিনি জানান, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ নীতিকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।






























