লোডশেডিংয়ে দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৮:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 74
দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে এবং এর ফলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সমালোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা না করে সংকট সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। যারা সংকট নিয়ে বড় বড় কথা বলছেন, তাদের প্রতি সমালোচনা বাদ দিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করছে। দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবে।
বিরোধী দলকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করার কোনো বাস্তব পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু সমাধান দিতে না পারলে বিভ্রান্তির রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাস্তায় বসে ভাঙচুর ও হঠকারী রাজনীতির দিন শেষ। জনগণের উপকার হয়—এমন পরিকল্পনা থাকলে তা সামনে আনা উচিত। শুধু সমালোচনা করা সহজ; কিন্তু জনগণের জন্য কাজ করাই বড় বিষয়।
বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি শিশুর হাঁটতে শেখার জন্যও প্রায় এক বছর সময় লাগে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার মেগাপ্রকল্পের আড়ালে বড় ধরনের দুর্নীতি করেছে এবং দেশের অর্থনীতিকে দুর্বল করে রেখে গেছে। বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ দেনা তৈরি হয়েছে। গ্যাস সংকটের জন্যও আগের সরকারের নীতিকে দায়ী করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশে নিজস্ব গ্যাসের মজুত থাকা সত্ত্বেও নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি। বরং জ্বালানি খাত বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এর ফলে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলা করতে হচ্ছে।
গণতন্ত্র ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হলেও বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র থাকলে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। দেশের ও জনগণের কল্যাণে যেসব পদক্ষেপ প্রয়োজন, সরকার সেসবই গ্রহণ করবে।
দেশ গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কে কী পেলেন, সেটি বড় বিষয় নয়; বরং জনগণের জন্য কী করা গেল, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
































