লালপুরে হিন্দু পরিবারকে হুমকি: দৃষ্টান্তমূলক শাস্তি চায় মহিলা পরিষদ
- সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 95
নাটোরের লালপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের কাছে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা পরিষদ জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘সেভেন স্টার কর্তৃপক্ষ’ পরিচয়ে নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ার পাঁচটি হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি করে চিঠি পাঠানো হয়েছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, দেশত্যাগে চাপ সৃষ্টি এবং হত্যার হুমকির মতো ঘটনার সংখ্যা বাড়ছে, যা সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে।
মহিলা পরিষদের মতে, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, হয়রানি বা সহিংসতার হুমকি শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় ধরনের হুমকি।
সংগঠনটি হুমকির মুখে থাকা পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর এবং দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।




































