রাষ্ট্রপতির ভাষণের উপরে ৫০ ঘণ্টা আলোচনা
- সর্বশেষ আপডেট ০৭:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 88
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার দুপুরে সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধিবেশনের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর উদ্দেশে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

































