রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন
- সর্বশেষ আপডেট ০৪:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 185
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এ গুঞ্জন ছড়িয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের দাবি করেন, আগামী কয়েক দিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। এ দাবিতে কয়েক দফা কর্মসূচিও পালন করা হয়েছে। এর আগে কয়েকবার তার পদত্যাগের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।




































